গুম-খুনের দুই মামলায় সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তার হাজিরার তারিখ পিছিয়েছে। আগামী ২৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে অভিযোগপক্ষ। এছাড়া জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় হত্যাযজ্ঞের মামলায় হাজিরার তারিখ দেয়া হয়েছে একই মাসের ২৪ নভেম্বর।
প্রস্তুতি নিতেই তারিখ পেছানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। গত ২২ অক্টোবর গুমের দুই মামলা ও জুলাই-আগস্টের এক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক-বর্তমান ১৫ সামরিক কর্মকর্তাকে। ঐদিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় ৫ ও ২০ নভেম্বর। বর্তমানে এই ১৫ সেনাকর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে রাখা হয়েছে।
এদিকে, একইদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। ১১ ডিসেম্বরের মধ্যে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত।