কুমিল্লার তিতাস উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ৪ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি এলজি বন্দুক, ২টি পাইপ গান, ১০টি সীসা কার্তুজ ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারজানা আক্তার (২৯), আমিনা আক্তার (৩৭), জোবেদা আক্তার (৩৩) ও শান্তি বেগম (৬০)।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকালে শাহপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও রাজিব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। ওই সংঘর্ষে বিপুল পরিমাণ অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাতেই পুলিশ শাহপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে এবং চার নারীকে গ্রেপ্তার করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ দেশ রূপান্তরকে জানান, শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। গতকাল দুই গ্রুপের সংঘর্ষ এবং একজন গুলিবিদ্ধের ঘটনার পর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দাঙ্গা ও অস্ত্রের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।