বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে বলিউড তারকা সালমান খানকে নিয়ে। একা কি ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমন বলেছিলেন- তা নিয়েও প্রশ্ন উঠেছে।। তবে সেই বেফাঁস মন্তব্যের জন্য এবার পাকিস্তানি সরকারের নিশানায় ভাইজান।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠান করতে গিয়ে সালমান সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন। তখনই বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন এই সুপারস্টার। এই মন্তব্যের জন্য এ বার তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাক সরকার। এমনকি বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা। সালমানের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বেলুচিস্তান নেতারা। এমনকি ‘ভাইজান’কে তারা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন। তার পরেই পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে।
সালমান ওই অনুষ্ঠানে বলেছিলেন, ‘হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি তামিল, তেলেগু, ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।’
মুখ ফসকে সলমন এই মন্তব্য করেছেন, না কি জেনেবুঝেই বলেছেন, তা নিয়েও দীর্ঘ তরজা চলছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সালমান। এই মন্তব্যের জন্য তাকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ কৃতজ্ঞতা জানিয়েছেন। বালোচ নেতার দাবি, সলমন তাঁদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন।