সালমান শাহ হত্যা: জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা জারি করা হয়। এই পথ দিয়ে চলাচলরত পাসপোর্ট যাত্রীদের নাম ও ছবি সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নামের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই চলাচলের অনুমতি মিলছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যাতে কোনভাবেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিদের্শনা দিয়েছে। সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ওই মামলার আসামিরা যেন এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সেবিষয়ে আমরা সতর্ক রয়েছি। সালমান শাহ হত্যাকাণ্ডে ইতোমধ্যেই যাদের নামে স্টপলিস্ট হয়েছে তারা যেন কোনভাবেই ফাঁকি দিয়ে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তাদের নাম ও পাসপোর্ট নম্বর আমরা পেয়েছি সেগুলো মিলিয়ে দেখাসহ সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তার সাবেক স্ত্রীসহ ১১জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে যাতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।