নরসিংদীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না সৈকত চন্দ্র দে (২৫) নামে এক যুবকের। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দের ছেলে।
নিহতের ভাই উৎপল দে ও পুলিশ জানান, সৈকত এক বছর আগে প্রাণ আরএফএল এর চাকরি ছেড়ে দেয়। তার পর থেকে তিনি বেকার ছিলেন। আজ সকালে টান ঘোড়াশালের সান হেলথ কেয়ার হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে যায় সৈকত। ইন্টারভিউ শেষে অন্যমনস্ক হয়ে দুপুরে ঘোড়াশালের রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সৈকত। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্র জানান, ট্রেন দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সৈকতের মৃত্যু হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজিম উদ্দীন জানান, অন্যমনস্ক হয়ে রেললাইন ওপর দিয়ে হেঁটে আসার সময় ট্রেনের ধাক্কায় সৈকতের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।