সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করলেন প্রধান বিচারপতি 

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল শনিবার সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তৌফিক মাহবুব চৌধুরীর আমন্ত্রণে সেখানে যান তিনি।

আজ রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দায়িত্বরত কোনো প্রধান বিচারপতি সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করলেন।

এতে বলা হয়, পুলিশ বাহিনী বিচারপ্রক্রিয়ার সূচনালগ্নে ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান বিচারপতির এই সফরের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বিচার বিভাগের পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হলো।

সফরকালে প্রধান বিচারপতি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষাক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সারদায় প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণ শেষে তারা যেন আইন প্রয়োগকারী পেশাদারী বাহিনীর সদস্য হওয়ার পাশাপাশি নিজেদের মানবিক মূল্যবোধসম্পন্ন ন্যায়নিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলেন।

তিনি তাদের পেশাগত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ন্যায়বিচারের প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তদন্তের গুণগত মান ও প্রমাণ সংগ্রহের দক্ষতা আদালতের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাই এ বিষয়ে তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান।

সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি একাডেমির ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন। এ ছাড়া সফরকে স্মরণীয় করে রাখতে একাডেমির প্রাঙ্গণে একটি আমগাছ রোপণ করেন তিনি। একাডেমির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।