রাবিতে আবেদন শুরু ২০ নভেম্বর, ভর্তি পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২০ নভেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রমে থাকছে না প্রাথমিক বাছাই প্রক্রিয়া। পরীক্ষায় অংশ নিতে পারবেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় ইচ্ছুকরাও। এ বছরে রাজশাহীর পাশাপাশি ৫টি আঞ্চলিক কেন্দ্রে ১৬, ১৭ এবং ২৪ জানুয়ারি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ অক্টোবর) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। ১৬ দিনব্যাপী এ আবেদন প্রক্রিয়া চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৬ জানুয়ারি সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি পরীক্ষা। পরে ১৭ জানুয়ারি এ (মানবিক) ইউনিটের ও ২৪ জানুয়ারি বি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাগুলো সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আবেদন যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিন ইউনিটেই আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং ‘এ’ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখায় আবেদনকারীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭। তবে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ থাকতে হবে।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫ স্কেলে নির্ধারিত হবে। ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরে ভর্তি পরীক্ষায় এ এবং সি ইউনিটে আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। তবে বি ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। সকল ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটায় (মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও বিকেএসপি) ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করতে হবে।

উল্লেখ্য, এ ইউনিটভুক্ত মানবিকে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।