বায়ুদূষণে শীর্ষে লাহোর, অস্বাস্থ্যকর বাতাসে ঢাকা চতুর্থ

জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণসহ নানা কারণে বিশ্বের বড় শহরগুলোতে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। বহু বছর ধরেই মেগাসিটি ঢাকাও দূষিত শহরের তালিকায় রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা উন্নতি হলেও আজ রাজধানীর বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর সর্বশেষ সূচকে দেখা যায়, ঢাকার একিউআই স্কোর দাঁড়িয়েছে ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।

বিশ্বের শহরগুলোর মধ্যে এদিন বায়ুদূষণে সবচেয়ে এগিয়ে ছিল পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩০০—এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ২৫৬। তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার স্কোর ১৮৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) ০ থেকে ৫০ পর্যন্ত হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১ থেকে ২০০ হলে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে তা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, এই সূচক সাধারণত পাঁচটি দূষণ উপাদানের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়—বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনো–অক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) ও ওজোন (O₃)।

বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর। তবে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী নারীদের জন্য এর প্রভাব আরও বেশি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে একিউআই ‘অস্বাস্থ্যকর’ বা তার ওপরে থাকলে এসব গোষ্ঠীর সদস্যদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এর ফলে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা এবং নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।