মেট্রোরেল দুর্ঘটনা: নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। 

এর আগে, রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় তিনি ভাড়া থাকতেন।

উল্লেখ্য, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।