পাঁচ দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ আজ

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) সারা দেশের জেলা সদরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সমমনা আটটি দল।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও ডেভলপমেন্ট পার্টি পূর্ব ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করবে।

পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে- আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কর্মসূচি সফলের জন্য আলাদা বিবৃতি দিয়ে জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং ইসলামী আন্দোলনের নেতারা।