ইসকন নিষিদ্ধে পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ঘরে মুক্তবাংলা পাদদেশে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভে অংশ নেওয়া ফিসারিজ অনুষদের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান লাজুক বলেন, গাজীপুরে শিশু ধর্ষণ, টঙ্গীতে ইমাম অপহরণ, বুয়েটের শ্রীশান্ত কর্তৃক ধর্ষণ ও ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন ঘটনায় ইসকনের সংশ্লিষ্টতা প্রকাশ পাচ্ছে। তারা ফেইক আইডি ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি বলেন, সম্প্রতি ইসকনের কিছু সদস্যের উগ্র আচরণে দেশে অশান্তি সৃষ্টি হয়েছে। তারা ধর্মীয় বিভেদ উসকে দিচ্ছে এবং সমাজে সংঘাত বাড়াচ্ছে। আমরা মনে করি, ইসকন একটি উগ্র ও ধর্মবিদ্বেষী সংগঠন। তাই সারা দেশে এই সংগঠনের কার্যক্রম বন্ধ করতে হবে।

বিক্ষোভকারীরা অন্তবর্তীকালীন সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে ইসকন নিষিদ্ধসহ শান্তি ও সম্প্রীতি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।