ডা. জাহিদ হোসেন

স্বৈরাচারের পথ সুগম করা যাবে না, শেষ বিজয় জনগণের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোন ফাটল তৈরি করবেন না, যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এই বাংলাদেশ বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে। স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। সেই বাংলাদেশকে কোন ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

সোমবার দুপুরে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ডা. জাহিদ বলেন, ষড়যন্ত্র দেশে থেকে বাইরে থেকে অনেকে করতে পারে। বিশেষ করে পলায়নরত স্বৈরাচার তার দোসররা ষড়যন্ত্র করে কাউকে উস্কে দিতে পারে। কিন্তু কোন অবস্থাতেই সফল হতে পারবে না। এই দেশের মানুষ জেনে গেছে কিভাবে গণতন্ত্র উদ্ধার করতে হয়। কাজেই মানুষের দৃঢ় বিশ্বাসের ওপর আমরা আস্থা রাখতে চাই। কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। শেষ বিজয় হবে জনগণের। 

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে যে দলই দায়িত্বপ্রাপ্ত হোক না কেন জাতীয় সনদ বাস্তবায়ন করা অবশ্যই করণীয়। কোন অবস্থাতেই পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এই দেশের মানুষ একবার যেহেতু ঐক্যবদ্ধ হতে শিখেছে কেউ যদি মনে করে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হয়ে আবার স্বৈরাচারী কায়দায় এদেশ পরিচালনা করার চেষ্টা করবে, সনদ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে তাহলে সেটি ভুল হবে।

জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাধারণ সম্পাদক (স্থগিত) বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।