ভারতের হরিয়ানার ফরিদাবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় আত্মহত্যা করেছেন এক কলেজ ছাত্র। ছাত্রের নাম রাহুল ভরতি (১৯)।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি রাহুলের ফোন হ্যাক করে তার তিন বোনের এআই-নির্মিত অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে অর্থ দাবি করেছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল।
রাহুলের বাবা মনোজ ভরতি জানান, গত দুই সপ্তাহ ধরে ছেলেটি মানসিক অস্থিরতায় ভুগছিল, ঠিকমতো খেত না এবং বেশিরভাগ সময় ঘরে চুপচাপ থাকত।
তদন্তে জানা গেছে, ‘সাহিল’ নামের এক ব্যক্তির সঙ্গে রাহুলের হোয়াটসঅ্যাপ চ্যাটে অর্থ দাবির বিষয়টি পাওয়া গেছে। ওই ব্যক্তি রাহুলকে ২০ হাজার রুপি দিতে বলেছিল এবং হুমকি দিয়েছিল— টাকা না দিলে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবে।
শেষ কথোপকথনে ‘সাহিল’ নাকি রাহুলকে আত্মহত্যার পরামর্শও দিয়েছিল। এরপর শনিবার সন্ধ্যায় রাহুল কিছু ওষুধ সেবন করলে তার অবস্থা খারাপ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
রাহুলের মা মীনা দেবী অভিযোগ করেছেন, এই ঘটনায় পারিবারিক বিরোধে জড়িত তার দেবর নীরজ ভরতিও জড়িত থাকতে পারে। তার বিরুদ্ধেও মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাহুলের মোবাইল জব্দ করে ফরেনসিক বিশ্লেষণ চলছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ব্ল্যাকমেইলের এই ঘটনাকে “গুরুতর সাইবার অপরাধের উদাহরণ” বলে মন্তব্য করেছেন তদন্ত কর্মকর্তারা।