মাধবপুরে যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও প্যানেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধবপুর মনতলা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশাররফ হোসেন (৪৫) উপজেলার বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, গ্রেপ্তার মোশাররফ ৪ আগস্ট  ছাত্র জনতার আন্দোলন চলাকালে ছাত্র ও জনতাকে হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। বহরা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্যবিরোধী মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান। এরপর যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। সম্প্রতি এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।