রাজশাহীতে কুকুরের কামড়ে আহত ১২ 

রাজশাহীর বাঘায় কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দিন ও রাতে উপজেলার বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ হামলা ঘটনা ঘটে।

আহত দিঘা নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন জানান, রোববার দুপুরে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কুকুর এসে কামড়ে দেয়। পরে কুকুরে কামড়ানো প্রতিশোধক ভ্যাকসিন নিয়েছি।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পাগলা কুকুর পথচারীদের আক্রমণ করে। সকাল থেকে রাত পর্যন্ত কুকুটি ক্ষিপ্ত হয়ে ছুটে বেড়ায়। কুকুরের কামড়ে এই সময়ে ১২ জন আহত হন।  আহকদের মধ্যে দিঘা আঠালিয়া গ্রামের যুবক নাজমুল হোসেনকে সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামন আসাদ বলেন, আহত কয়েকজন ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে, তা জেনেছি। তবে হাইকোর্টে রিট থাকায় উপজেলা ও পৌরসভা কর্তৃক নিধন বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। তবে এ বিষয়ে আইন মেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।