একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম পথিকৃৎ এ সি আই মটরস্ লিমিটেড সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর জেলার গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন বাণিজ্য মেলা মাঠে ‘সোনালীকার বিশ্বজয়’ প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে। এই মেগা-ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল, একক অনুষ্ঠানে ৩৫০ টি  ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সি আই মটরস্ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। এছাড়াও এ সি আই মটরস্ এর চীফ বিজনেস অফিসার- মো. আসিফ উদ্দীন; জেলা প্রশাসক, দিনাজপুর, মো. রফিকুল ইসলাম, সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সোনালীকা ট্রাক্টরের গ্রাহক ও ড্রাইভারগণ উপস্থিত ছিলেন।

সোনালীকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকীকরণে এ সি আই মটরস্ লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্র্যাক্টর মার্কেটে ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। আজকের এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো এই সাফল্যকে উদযাপন করা এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করা। 

কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও, সারাদেশে কৃষি খাতে উদ্যম এবং উৎসাহের ঘাটতি এখনও লক্ষণীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টিকরাকে এসিআই মটরস লিমিটেড তার দায়িত্ব হিসেবে দেখে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যে বিশ্বমানের তা তুলে ধরা এবং তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। 

এই বিশ্ব রেকর্ড যেমনিভাবে আমাদের কৃষকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি একটি গৌরবময় উপহার, ঠিক তেমনি ভাবে এটি এ সি আই মটরস্ লিমিটেডের পক্ষ থেকে দেশের কৃষকদের প্রতিও একটি গৌরবময় উপহার। 

ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণের এই ঐতিহাসিক অভিযাত্রায় এ সি আই মটরস্ লিমিটেড নিবেদিত থাকবে।