'শামিম, সব সময় মজা করে ব্যাটিং করা যায় না, দায়িত্ব নিতে হবে'

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৬ রানের হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কণ্ঠে ছিল হতাশা ও আত্মসমালোচনা। বিশেষ করে তরুণ ব্যাটার শামিম হোসেনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

লিটন বলেন, ‘আমি শামিমের ব্যাটিং নিয়ে খুবই হতাশ। ওকে ভাবতে হবে—সব সময় মজা করে ব্যাটিং করা যায় না। দায়িত্ব নিতে হবে।’

এরপর দলের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। লিটনের ভাষায়, ‘আমরা পাওয়ারপ্লেতে অনেক বেশি উইকেট হারিয়েছি। সেটাই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।’

বোলিং নিয়েও অধিনায়কের বিশ্লেষণ, ‘আমরা পুরো ম্যাচেই ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ডেথ ওভারে বল যারা করবে, তাদের আরও ভালোভাবে এক্সিকিউট করতে হবে।’

ম্যাচের প্রথম ভাগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস নিয়েও প্রশংসা করেন লিটন, ‘ওরা প্রথম ১০ ওভারে খুব ভালো ব্যাট করেছে। উইকেটটা একটু ধীর ছিল। যদি আমরা শুরুতেই উইকেট নিতে পারতাম, তাহলে ওদের ওপর চাপ পড়ত।’

শেষদিকে ব্যাটারদের ঝড় নিয়ে তিনি বলেন, ‘১৯তম ওভারে খেলা শেষ হওয়া ক্রিকেটেরই অংশ। কেউ শেষ ওভারে এসে মারলে সেটা খেলারই অংশ। এমনটা হয়।’

তবে ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাও রেখেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা কয়েকটা ক্যাচ ফেলেছি, কিন্তু ওরা অসাধারণ ফিল্ডিং করেছে। এই ভুলগুলো থেকে আমাদের শিখতে হবে এবং পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরে আসতে হবে।