রাঙ্গাবালীতে মাথা ন্যাড়া করার ঘটনায় তদন্ত কমিটি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সালিশের নামে ইউপি সদস্য রেশাদ খলিফার নির্দেশে শিক্ষার্থীসহ পাঁচ তরুণের মাথা ন্যাড়া করার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। গত রবিবার রাতে দৈনিক দেশ রূপান্তর অনলাইন সংস্করণে ‘সালিশের নামে প্রকাশ্যে শিক্ষার্থীসহ পাঁচজনের মাথা ন্যাড়া করলেন ইউপি সদস্য’ এবং গতকাল প্রিন্ট সংস্করণে ‘ইউপি সদস্যের নির্দেশে পাঁচজনের মাথা ন্যাড়া’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

তদন্ত কমিটি গঠনের চিঠিতে বলা হয়েছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেশাদ খলিফা সালিশের নামে প্রকাশ্যে শিক্ষার্থীসহ পাঁচজনের মাথা ন্যাড়া করার বিষয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

চিঠি অনুযায়ী, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আবু ইউসুফ মো. সরোয়ার হোসেন। তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত শেষে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পেয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিও থেকে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।