গণপূর্তের প্রকৌশলী মঈনুল বাধ্যতামূলক অবসরে

গণপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ড. মো. মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ড. মো. মঈনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল), ময়মনসিংহ গণপূর্ত জোন, গণপূর্ত অধিদপ্তরের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।