যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করল রাশিয়া 

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে রাশিয়া। সোমবার (২৭ অক্টোবর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত আইনে স্বাক্ষর করে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেন। এর আগে, চলতি মাসের শুরুতে রুশ আইনসভা ডুমা চুক্তি বাতিলের অনুমোদন দেয়।

২০০০ সালে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় দুই দেশই নিজেদের অস্ত্র ভান্ডারে থাকা উদ্বৃত্ত ৩৪ টন করে উচ্চমাত্রার প্লুটোনিয়াম ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিশেষজ্ঞদের হিসাবে, এই ৬৮ টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় ১৭ হাজার পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব হতো। চুক্তির মূল লক্ষ্য ছিল এমনভাবে এই উপাদান নিষ্পত্তি করা, যাতে তা আর সামরিক কাজে ব্যবহারযোগ্য না থাকে।

রাশিয়া ২০১৬ সাল থেকেই চুক্তির বাস্তবায়ন স্থগিত রেখেছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে তা বাতিল করার সময় মস্কো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং পারমাণবিক স্থিতিশীলতার ক্ষতি করছে।

রাশিয়ার মতে, চুক্তিতে প্লুটোনিয়ামকে মিক্সড অক্সাইড (MOX) ফুয়েলে রূপান্তরের কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা না করে ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে—যা প্লুটোনিয়ামকে ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহারযোগ্য রাখার ঝুঁকি তৈরি করে।

এ ছাড়া মস্কোর অভিযোগ, ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত ভারসাম্য নষ্ট করেছে।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই সিদ্ধান্ত মস্কো–ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দেবে। একই সঙ্গে ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার আগেই প্লুটোনিয়াম চুক্তির সমাপ্তি বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করবে।