ইতালির সিরি আ লিগের শীর্ষে থাকা নাপোলির জন্য বড় ধাক্কা হয়ে এলো কেভিন ডি ব্রুইনের চোট। দলের তারকা মিডফিল্ডার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এবং চলতি বছরের বাকি সময় তাকে মাঠের বাইরেই থাকতে হবে। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার ইন্টার মিলানের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পরই চোট পান বেলজিয়ান তারকা। গোল উদযাপন না করেই হঠাৎ থেমে গিয়ে ডান উরু ধরে কাতরাতে দেখা যায় ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে। পরে চিকিৎসকদের সহায়তায় তিনি মাঠ ছাড়েন।
নাপোলির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কেভিন ডি ব্রুইনের ডান উরুর বাইসেপস ফেমোরিসে বড় ধরনের ক্ষত ধরা পড়েছে। তিনি ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।’ ক্লাবটি নির্দিষ্ট সময়সীমা না বললেও ইতালির গণমাধ্যম ‘গাজেত্তা দেলো স্পোর্ট’ ও ‘স্কাই স্পোর্ট’ জানিয়েছে, ডি ব্রুইনে সম্ভবত ২০২৬ সালের শুরুর আগে মাঠে ফিরতে পারবেন না।
এবারের মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন ডি ব্রুইন। সিরি আ-তে এটি ছিল তার চতুর্থ গোল। আগের দুটি পেনাল্টি থেকে এবং একটি ফ্রি কিক থেকে এসেছে। চোটের এই ধাক্কা নাপোলির শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে তারা গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে, সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে এএস রোমা।