পঞ্চগড়ে বিলুপ্ত প্রাণী বনরুই উদ্ধার

পঞ্চগড়ের বোদায় মহাবিপন্ন প্রাণী একটি বনরুই উদ্ধার করেছে রেস্কিউ টিম। সোমবার (২৭ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার ঝলইশালশিরি এলাকার নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বনরুই টিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয় পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে প্রাণীটি মাঠে উঠে আসার সময় লোকজন এটিকে চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণী টিকে উদ্ধার করে। তিনি প্রাণীটির নাম বনরুই হিসেবে আমাদের জানায়। এটি বিপন্ন প্রাণী বলেও জানতে পারি।

শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত প্রাণীটিকে উদ্ধার করি। মানুষের আঘাতে বনরুইটি রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন কিছুটা সুস্থ আছে।

তিনি জানান, এই এলাকায় এর আগে কখনও বনরুইয়ের দেখা যায়নি। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে বনরুইটিকে সিলেটের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হবে।

বনরুই আঁইশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্যকোনো স্তন্যপায়ী প্রাণির শরীর শক্ত আঁইশে আবৃত নয়।