সম্প্রতি বিভিন্ন সময় ইতালির বেশ কয়েকটি শহরে বাংলাদেশি প্রবাসীদের ওপর হামলার ঘটনা গত ৬ মাসে তিনজন নিহত হয়েছেন। এই সব ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ ও সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তুসকোলানা পার্কে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তারা।
এসময় বিক্ষুব্ধ প্রবাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতালিয়ান ভাষায় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা এখানে নিরাপদে থাকতে চাই, বাঁচতে চাই, আমাদের শিশুদের নিরাপদে বসবাসের পরিবেশ চাই। আমরা কোনো সহিংসতা চাই না।
তারা আরও বলেন, বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অথচ আমরা বারবার বৈষম্য ও হামলার শিকার হচ্ছি। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার তীব্র নিন্দা ও ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ইতালি উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা।