বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনে যুবশক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করে বেকারত্বকে যাদুঘরে পাঠাবে বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। হালুয়াঘাট ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে বলেন, জনগণের রায়ে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।
তিনি হতাশার সাগরে নিমজ্জিত যুব সমাজের মুখে হাসি ফোটানোরও প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি যুব সমাজের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক ও যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।