ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ও ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল যোগ দিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে নতুন ভূমিকায়। তিনি থাকছেন ২০২৫ মৌসুমের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের (এলপিএল) ঘোষণায় জানানো হয়েছে, এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জুলাই-আগস্টে। পুনর্নির্ধারিত এই সময়সূচি খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই নিরবচ্ছিন্নভাবে লিগ উপভোগের সুযোগ করে দেবে। ষষ্ঠ আসরে এলপিএল আগের যেকোনো সময়ের চেয়ে বড় পরিসরে আয়োজন হতে যাচ্ছে।
নতুন ভূমিকায় উচ্ছ্বসিত গেইল বলেছেন, “লঙ্কা প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য সম্মানের। আমার পুরো ক্যারিয়ারে শ্রীলঙ্কা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে। এবার আমি সেই ‘ইউনিভার্স বস’ শক্তি নিয়ে আসছি এই টুর্নামেন্টে। এলপিএল শুধু ক্রিকেট নয়, এটা বিনোদন, তরুণ প্রতিভা এবং ভক্তদের জন্য অসাধারণ অভিজ্ঞতার মঞ্চ। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি লিগটিকে আরও উচ্চতায় পৌঁছাতে দেখার।”
ক্রিস গেইলের নামের পাশে আছে টি-টোয়েন্টি ক্রিকেটের একের পর এক রেকর্ড। ১৪ হাজারেরও বেশি রান, ২২টি সেঞ্চুরি, এবং এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৫*) ও দ্রুততম সেঞ্চুরি (৩০ বলে) তারই দখলে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহআয়োজক ভারতের সঙ্গে শ্রীলঙ্কা। টুর্ণামেন্টের জন্য অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে দ্বীপদেশটিতে। এ জন্যই লংকা প্রিমিয়ার লিগ একবছর পিছিয়ে দেয়া হয়েছে। সেই আসরে পাচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে- কলম্বো, দাম্বুলা, গলে, জাফনা ও ক্যান্ডি।। তিন সপ্তাহের এই উৎসব চলবে কলম্বো, দাম্বুলা ও ক্যান্ডি শহরে। থাকবে বিশ্বমানের ক্রিকেট, তারকাখচিত দল ও এবার যুক্ত হচ্ছে ‘ইউনিভার্স বস’-এর অতুলনীয় ঝলক।