গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ক্ষমতাকেন্দ্রীক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে। পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।’
মঙ্গলবার বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমানের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নুরুল হক আরও বলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্ব প্রয়োজন। তরুণ ও মেধাবীরা নেতৃত্বে আসলে পরিবর্তনের আকাঙ্খা পূরণ হবে। গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রার্থীরা বেশিরভাগ আসনে নিজ দলের প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করবেন।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে। এটা অব্যাহত রাখতে সুষ্ঠু রাজনীতি প্রয়োজন। যারা সুষ্ঠু রাজনীতি করবে তাদেরকে সমর্থন দিয়ে এগিয়ে নিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান, হাবিবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিয়ানীবাজার উপজেলা সমন্বয়ক বিবেকানন্দ দাস প্রমুখ।