সিলেটে বোয়িং ৭৮৭-৮ বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত, লন্ডন ফ্লাইটে বিলম্ব

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে লন্ডনগামী ফ্লাইটের বোয়িং ৭৮৭-৮ (S2-AJT) বিমানের ইঞ্জিনের নোজ কাওল বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি AOG (Aircraft on Ground) ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত লন্ডন ফ্লাইটে বিলম্ব ঘটে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ২৭১ জন যাত্রী ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প হিসেবে আরেকটি বিমান প্রস্তুত করা হচ্ছে। AOG পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় ফ্লাইট পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, S2-AJV বিমানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী BG337 (MED) ফ্লাইটে এবং S2-AJS বিমানটি BG125 (DOH) ফ্লাইটে নিয়োজিত থাকবে। তবে BG305 (Toronto) ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ও BG347 (Dubai) ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যাবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।