ইংল্যান্ডের ব্যাটিং ধসিয়ে ১২ বছর পর নিউজিল্যান্ডের সিরিজ জয়

আসন্ন অ্যাশেজ সিরিজের আগে আরও একবার প্রশ্নের মুখে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে অল-আউট হয়। কিউইরা হেসেখেলে ম্যাচ জিতে নেয় ৫ উইকেটের ব্যবধানে। ২০২৩ বিশ্বকাপের পর ২৫ ম্যাচে এটা ইংল্যান্ডের ১৭তম হার। ফরম্যাট ভিন্ন হলেও ইংলিশদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের ব্যাটিং।

অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এই জয় দারুণ এক উপলক্ষ। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজ নিশ্চিত করেছে। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো ভেন্যুতেই তারা ১২ বছর পর ওয়ানডে সিরিজ জিতল। ঘরের মাঠে ইংল্যান্ডকে সিরিজ হারাল ১৭ বছর পর! ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন ব্লায়ার টিকনার। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

হ্যামিল্টনে আজ বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ৩ রানে বেন ডাকেটকে (১) দিয়ে উইকেট পতনের শুরু। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ২৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ৮ নম্বরে নামা জেমস ওভারটন। এছাড়া ত্রিশের ঘরে যেতে পেরেছেন কেবল অধিনায়ক হ্যারি ব্রুক (৩৪)। এছাড়া জো রুট ২৫, জস বাটলার ৯ এবং স্যাম কারেন ১৭ রান করেন। শেষ পর্যন্ত তারা ৩৪ ওভারে ১৭৫ রানে অল-আউট হয়।

রান তাড়ায় নেমে কিউইরাও ধাক্কা খেয়েছিল। স্কোরবোর্ডে রান ওঠার আগেই জোফরা আর্চারের বলে এলবিডাব্লিউ হয়ে যান উইল ইয়ং। এরপর ৪২ রানের জুটিতে ধাক্কা সামাল দেন রাচিন রবীন্দ্র (৫৪) এবং কেইন উইলিয়ামসন (২১)। তৃতীয় উইকেটেও রাচিনের সঙ্গে ৬৩ রানের চমৎকার জুটি গড়েন ড্যারি মিচেল। এই আগ্রাসী ব্যাটার খেলেন ৫৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস। এরপর দ্রুত তিনটি উইকেট পড়লেও ৩৩.১ ওভারেই জিতে যায় কিউইরা।