মেটলাইফের গবেষণা

কর্মীদের উৎপাদনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনৈতিক স্বাস্থ্য

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি প্রথমবারের মতো ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি’ (ইবিটিএস) শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেছে, যেখানে দেশের বেসরকারি খাতের কর্মী ও নিয়োগদাতাদের বিভিন্ন চিন্তাধারা, চ্যালেঞ্জ এবং প্রত্যাশা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, আর্থিক অনিশ্চয়তা এবং পর্যাপ্ত আর্থিক সুযোগ-সুবিধার অভাব কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও কর্মদক্ষতা হ্রাস করে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যেসব প্রতিষ্ঠান একটি শক্তিশালী ও দক্ষ কর্মপরিবেশ গড়ে তুলতে চায়, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইবিটিএস জরিপে তৈরি পোশাক, ব্যাংকিং, এফএমসিজি, টেলিযোগাযোগ এবং এনজিওসহ বিভিন্ন খাত থেকে ৫৭১ জন কর্মী এবং ১৪২টি নিয়োগদাতা প্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়েছে। কর্মীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের জন্য আর্থিক ও অনার্থিক বিভিন্ন সুযোগ-সুবিধা আরও ভালোভাবে সাজাতে পারে, সেই লক্ষ্যেই দেশে এই প্রথমবারের মতো এমন একটি গবেষণা পরিচালিত হয়েছে।