বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী নগর ভবনের সামনে কর্মচারিদের অবস্থান

রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারিরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলেছে।

অন্দোলনকারীদের অধিকাংশই পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। তাদের কাজ বন্ধ থাকায় নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যহত হচ্ছে। বিক্ষোভ চলাকালে সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়।

কর্মচারিরা অভিযোগ করেছেন, বর্তমানে তাদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মচারিরা দ্রুত তাদের দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, “বর্তমান বেতনে সংসার চলে না, সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না।”

কর্মচারিদের আরও দাবির মধ্যে রয়েছে:

সকল শ্রমিক ও কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করা।

রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান।

প্রতিবছর উৎসব ভাতা প্রদান।

বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ।

শ্রমিকদের অভিযোগ লিখিতভাবে গ্রহণ ও সমাধান করা; একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না।

অবসর গ্রহণের সময় বিদায় সম্মান প্রদান।

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নিয়োগ বাণিজ্য বন্ধ করা।

শ্রমিকরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।