বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর- তারা বিএনপির সদস্য হতে পারবে না।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, পরিবারের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তিনি ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানা মূখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন। ২৪ আন্দোলনে অংশ নিলেও বর্তমানে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করে যাচ্ছেন। যদি নির্বাচনে বাধাই হোন তাহলে পালিয়ে যাওয়া দলের সাথে আপনাদের পার্থক্য কোথায়?
বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। উল্লেখ্য, সদস্য সংগ্রহের পাশাপাশি জেলা বিএনপি দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে বলে সভায় জানানো হয়।