দারুণ বোলিংয়ে উইন্ডিজকে ১৪৯ রানে আটকালেন মোস্তাফিজ-নাসুমরা

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। উইন্ডিজ আগে ব্যাট করে তুলেছে ৯ উইকেটে ১৪৯ রান। মোস্তাফিজ-নাসুমদের কৃতীত্বে শেষ ৯ ওভারে উইন্ডিজ করতে পারে ৪৪ রান।

ইনিংসের প্রথম বলেই ব্রান্ডন কিংয়ের ক্যাচ ফেলেন উইকেটকিপার লিটন দাস, বোলিংয়ে ছিলেন তানজিম সাকিব। তবে তাসকিন পরের ওভারেই ফেরান কিংকে (১)। দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলেন আলিক আথানেজ ও শাই হোপ।

আথানেজকে (৩৩ বলে ৫২) ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। সেই থেকে ক্যারিবিয়ানদের রানের চাকায় লাগাম টেনে ধরের বাংলাদেশের বোলাররা। নাসুম ওই ওভারের পরের বলে ফেরান রাদারফোর্ডকেও।

এরপর ৩৬ বলে ৫৫ করা হোপকে তাসকিন এবং রিশাদ হোসেন একই ওভারে পাওয়েল ও হোল্ডারকে আউট করেন। মোস্তাফিজের স্লোয়ার-কাটারেও থামে রানের চাকা। তবে সপ্তম উইকেটে চেস ও শেফার্ডের ২৬ রানের ছোট জুটিতে দেড়শো রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে উইন্ডিজ।

মোস্তাফিজ ২১ রানে ৩ উইকেট আর নাসুম ৩৫ রানে নেন ২ উইকেট।