অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে ২ হাজার ৩৩৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১২৯ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯ হাজার ৯২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৬৭২ মিলিয়ন ডলার।