ফিরল ফিল হিউজের স্মৃতি; অনুশীলনে বলের আঘাতে অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটারের মৃত্যু

অস্ট্রেলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাত্র ১৭ বছর বয়সেই জীবন হারালেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলন চলাকালীন একটি বলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এভাবে বল লেগেই ৯ বছর আগে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ফিল হিউজ।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার মেলবোর্নের ‘ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব’-এর হয়ে টি–টোয়েন্টি ম্যাচের আগে নেটে অনুশীলন করছিলেন বেন। হেলমেট পরা অবস্থায় তিনি একটি অটোমেটিক বোলিং মেশিনের সামনে ব্যাট করছিলেন। হঠাৎ একটি বল এসে তার মাথার পেছনে ঘাড়ের দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বেন অস্টিনের অকাল মৃত্যুতে অস্ট্রেলীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই খেলোয়াড়কে স্মরণ করছে দেশটির ক্রিকেটাঙ্গন। বেনের ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তার মৃত্যু আমাদের ক্রিকেটাঙ্গনে গভীর প্রভাব ফেলবে। তিনি ছিলেন একজন উদীয়মান অল-রাউন্ডার। দুর্দান্ত নেতৃত্বগুণ ছিল এবং সব মিলিয়ে অসাধারণ একজন তরুণ।’

ক্রিকেটে এমন মৃত্যু বিরল নয়। অস্ট্রেলিয়ায় সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। সেবার অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটার ফিলিপ হিউজ একটি ঘরোয়া ম্যাচ খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পান। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। ক্রিকেট ইতিহাসের অন্যতম শোকের অধ্যায় হয়ে আছে হিউজের মৃত্যু। সেই ঘটনার থেকেই ক্রিকেটে কনকাশন প্রোটোকল ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে কড়াকড়ি আনা হয়।