জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালনা করতে চেয়েছে বিএনপি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি।
এ সময় আসন্ন গণভোট ইস্যু নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তাই বলব, বিএনপি একটি বড় দল। আপনারা না ভোট দিয়ে নিজেদের কবর রচনা করবেন না।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেন। যদি না হয়, যদি গৃহযুদ্ধ হয় তাহলে এর দায় আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) নিতে হবে। উপদেষ্টারা আরাম কেদারায় বসে ফ্যামিলি নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লোপাট করেছেন। এখন সার্ভিস দিতে হবে।