বাগেরহাটে সেতুর পিলারে দড়ি বাঁধা অবস্থা থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ (৬২)। তিনি একজন স্ট্যাম্প ভেন্ডর বলে জানা গেছে।
ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের প্রয়াত শেখ বাবর আলীর ছেলে। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করতেন।
এরআগে বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের মুণিগঞ্জ সেতুর পিলারের বা পায়ে দড়ি বাঁধা অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি মারা যান।
তবে নিহত ইব্রাহিমকে কারা সেতুতে বেঁধে রেখে গেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। ইব্রাহিমের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এই প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন শহর সংলগ্ন ভৈরব নদের মুণিগঞ্জ সেতুর নিচে পিলারের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ তার পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে। এসময় তিনি পুলিশ সদস্যদের কাছে তার নাম পরিচয় দেন। তাকে কারা কখন এখানে নিয়ে এসেছে তা জানতে চাইলে তিনি তা পরে জানাবেন বলে জানান।
পুলিশ জানায়, এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মুত্যু হয়। তার বা পায়ে দড়ির দাগ রয়েছে। তিনি পেশায় স্ট্যাম্প ভেন্ডর। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করেন। পনেরো দিন আগে তিনি ঢাকা থেকে তার পৈত্রিক বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানতে পেরেছি। এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।