ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় টি–টোয়েন্টি দলকে বদলে দেওয়ার কৃতিত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। তার মতে, রোহিতের নেতৃত্বে দলটি আগ্রাসী ব্যাটিংয়ের এক নতুন যুগে প্রবেশ করেছে। দ্বিতীয়বারের মতো জিতেছে বিশ্বকাপ। ভারতের আগ্রাসী ব্যাটিং এখন বিশ্ব ক্রিকেটে মানদণ্ড তৈরি করছে।
‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ‘আমি আসার পর থেকেই রোহিতের সঙ্গে আমাদের আলোচনা ছিল—আমরা আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। কারণ খেলার ধারা যেভাবে বদলাচ্ছিল, তাতে সেটা ছিল সময়ের দাবি। আর এই পরিবর্তনের কৃতিত্ব রোহিতেরই। সে দলকে সাহসী, ইতিবাচক ও আক্রমণাত্মক নেতৃত্ব দিয়েছে।’
দ্রাবিড় আরও যোগ করেন, ‘ভারতের টি–টোয়েন্টি স্কোর এখন প্রায় ৩০০ রানের কাছাকাছি চলে যায়। বাকিদের এখন আমাদের মানদণ্ড ধরে এগোতে হচ্ছে। মাত্র তিন-চার বছরে ভারত এমন এক উচ্চতায় পৌঁছেছে, যেখানে অন্য দলগুলো এখন পিছু তাড়া করছে।’
ভারতের এই সাফল্যে নিজের অবদান নিয়ে অবশ্য বিনয়ী দ্রাবিড়, ‘কোচ হিসেবে আমি দিকনির্দেশনা দিতে পারি, আত্মবিশ্বাস জোগাতে পারি। কিন্তু আসল কৃতিত্ব খেলোয়াড়দের। বিশেষ করে অধিনায়কের। তারাই মাঠে ঝুঁকি নেয়, সিদ্ধান্ত নেয়, আর তাদের সেই সাহসী মানসিকতাই পার্থক্য গড়ে দেয়।’