রাতের মধ্যেই গণভোটের তারিখ চান জামায়াতের নায়েবে আমির

অন্তর্বর্তীকালীন সরকারকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি বলছে কোনোভাবেই গণভোট মানবে না। তাই সরকারকে অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। আর সময়ক্ষেপণ না করে আজই ঘোষণা করুন। রাতের বেলায়ও অনেক আদেশ জারি করা যায়।’

মোহাম্মদ তাহের বলেন, আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে। তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের ওপর ঐকমত্য কমিশন যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে হওয়া সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তাদের আচরণ হচ্ছে, তারা যেখানে লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায়। সময়ক্ষেপণ করতে করতে একটা সময় যদি বলা হয় গণভোটের সময় নেই, তাহলে এটা হবে প্রতারণা। প্রতিটি দিন ও ঘণ্টা এখন গুরুত্বপূর্ণ। 

জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। গণভোটও জাতীয় নির্বাচনের আগে চাই। যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।