তৃতীয় দফায় চাকরির মেয়াদ বাড়ল পাওয়ার গ্রিডের মোনায়েম চৌধুরীর

পরপর তিন দফা চাকরির মেয়াদ বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির নির্বাহী পরিচালক আব্দুল মোনায়েম চৌধুরীর। নিয়ম ভেঙে এমন ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা হতবাক হয়েছেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, গত আগস্টে নির্বাহী পরিচালক আব্দুল মোনায়েম চৌধুরীর চাকরির মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

এর আগে ২০২৩ সালের ৮ জুলাই প্রতিষ্ঠানটিতে নির্বাহী পরিচালক (ওএন্ডএম) পদে নিয়োগ পান আব্দুল মোনায়েম চৌধুরী। পরবর্তীতে তার বয়স ৬২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এক বছর ৫ মাস ২৩ দিনের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়। এরপর ২০২৫ সালের ২১ অক্টোবর পর্যন্ত আরও তিন বছরের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়।

প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা জানান, ২০২৮ সালের ৩১ ডিসেম্বর আব্দুল মোনায়েম চৌধুরীর বয়স হবে ৬৫ বছর। অথচ বিধি মোতাবেক এ সময় পর্যন্ত চাকরি করার সুযোগ নেই। নিয়ম ভেঙে দফায় দফায় চাকরির মেয়াদ বাড়ানোর ফলে যোগ্য কর্মকর্তারা উচ্চপদে নিয়োগের সুযোগ হারাচ্ছেন এবং অনেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন।

এ ব্যাপারে জানতে নির্বাহী পরিচালক আব্দুল মোনায়েম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন ধরেননি তিনি।