জনগণই ‘না’কে ‘হ্যাঁ’-তে বদলে দেবে : শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “জনগণই আপনাদের এই ‘না’-কে ‘হ্যাঁ’-তে রূপ দেবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিরপেক্ষ নিয়োগব্যবস্থা সম্পর্কিত প্রস্তাবে বিএনপির ‘না’ দেওয়া অত্যন্ত দুঃখজনক। বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্রআন্দোলনের সূচনা হয়েছিল, তার মূল লক্ষ্যই ছিল সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা করা। 

অথচ অতীতে দেখা গেছে, ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগের কর্মীদের ভাইভার মাধ্যমে বাছাই করে বাড়তি নম্বর দেওয়া হয়েছে—যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি এক ধরনের অবিচার ছিল।

তিনি আরও বলেন, বিএনপির আমলেও চাকরিপ্রার্থীরা তেমন সন্তুষ্ট ছিলেন না। ২৭তম বিসিএসে একটি নির্দিষ্ট কলেজ থেকে একসঙ্গে প্রায় ২৫ জন এএসপি নিয়োগ পাওয়া ছিল সেই সময়ের বড় ধরনের অনিয়মের উদাহরণ। 

এখন আবার বিএনপি সাংবিধানিক ও নিরপেক্ষ নিয়োগব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগে ফেলেছে।

সাদ্দাম দাবি করেন, বিএনপি নেতাদের অতীতের বক্তব্য—“রিটেন পাশ করো, ভাইভা আমি দেখব”— রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্ট নিয়োগব্যবস্থায় ফিরে যাওয়ার ইঙ্গিত দেয়। সংস্কার কমিশনের পিএসসি নিয়োগসংক্রান্ত প্রতিবেদনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ দেওয়াও তাদের নিরপেক্ষতার প্রতি অনাগ্রহ প্রকাশ করে।

তিনি বলেন, “স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগপ্রক্রিয়া আমাদের অধিকার। সেই অধিকার কেড়ে নিয়ে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কী লাভ? জনগণই তাদের এই ‘না’-কে ‘হ্যাঁ’-তে রূপ দেবে, ইনশাআল্লাহ।”