‘শাপলা কলি’ যুক্ত মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে ‘শাপলা কলি’ যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, এই প্রতীক নির্বাচনের মাধ্যমে এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, “শাপলা ফুলের বদলে শাপলা কলি প্রতীক দেওয়া মানে এনসিপিকে ছোট করে দেখানো। এনসিপি কোনো ছোট দল নয়। ইচ্ছে করলে নির্বাচন কমিশন শাপলা দিতে পারত, কিন্তু দেয়নি। এটি সদিচ্ছার অভাব ও পক্ষপাতমূলক আচরণের উদাহরণ।”

তিনি আরও বলেন, এনসিপির প্রতি এমন আচরণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বরং মনে হচ্ছে কমিশন কোনো বড় দলের সঙ্গে সমন্বয় করে প্রতারণা করছে। এমন কমিশনের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বিএনপির অবস্থান প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, “নোট অব ডিসেন্ট কেন দেওয়া হলো—এটি বিএনপিকে ব্যাখ্যা করতে হবে। মনে হচ্ছে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তারা নোট অব ডিসেন্ট দিয়েছে। প্রকৃতপক্ষে এটি দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধেই গেছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ সংযোজন করেছে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর এই প্রজ্ঞাপন জারি করা হয়।