খুলনায় বিকাশের এক কর্মকর্তাকে (ডিএসও) কুপিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিকাশের আহত ডিএসও রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল ডিএসও হিসেবে তেরখাদা উপজেলায় কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সে উপজেলার বিভিন্নস্থান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশে রওনা দেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা বিকাশের আহত ডিএসও রাতুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কি পরিমাণ টাকা তার কাছ থেকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।