চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার শাশুড়ি লতিফা হক লিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। গত ২৭ অক্টোবর একই আদালত সালমানের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, তিনি যে কোন সময় আত্নগোপনে বিদেশ চলে যেতে পারে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। এ অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটবে। তাই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রহিত থাকা প্রয়োজন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। ওই সময় রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অপমমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন। তদন্ত শেষে একই বছরের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়। বাদীপক্ষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ঢাকার একটি আদালত গত ২০ অক্টোবর রিভিশন মঞ্জুর করে এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।