আন্দোলনের ১৮তম দিন

রবিবার যমুনা লং মার্চ করবেন ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় আগামী রবিবার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার ৯ মাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায়, দাবি আদায়ে আবার আন্দোলনের এ ঘোষণা দেন তারা। গতকাল বৃহস্পতিবার আন্দোলনের ১৮তম দিনে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা। এ সময় নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। গেজেট প্রকাশিত না হলে আগামী রবিবার যমুনা অভিমুখে লং মার্চ করা হবে।

এর আগে, গত বুধবার মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। দাবি পূরণের আশ্বাস না পেয়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলায় আহতদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। তাছাড়া দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ইবতেদায়ি শিক্ষকদের দাবিগুলো হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন; ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শিক্ষকরা।