মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া। আপাতত তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। অনার্স শেষ হলে অফিসার পদে নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।
গত রবিবার দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নিহত হন। ওইদিনই নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঘটনার পর নিহত আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে সেদিন রাতেই রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করেন।
এ ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।