ঢাকাই সিনেমায় নতুন মুক্তির তালিকায় যোগ হলো গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’। শুক্রবার (৩১ অক্টোবর) সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রেক্ষিত হবে। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান।
সবুজ জানান, এই নৃত্য ছিল একসময় গ্রামের মানুষের জীবনের অন্যতম বিনোদনের উৎস। তার বাবা-দাদা ও পূর্বপুরুষদের হাত ধরেই এই বেহুলা নাচারির নৃত্যের পরিসর বেড়েছে এবং প্রতিদিন নিয়মিত আসর বসেছে। কয়েক গ্রামের মানুষ এই নৃত্য ও পালা দেখতে ভিড় করেছে। কিন্তু এখন তা ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে।
‘আমারা শৈশব থেকেই দেখেছি বেহুলা নাচের গীতিনাট্য। এটা আমাদের জীবনের একটা অংশ ছিল। বাপ-দাদারাই ছিলেন এর প্রধান। আমাদের বাড়িতে ও আশপাশে এই আয়োজন হতো। দল ধরে মানুষ আসতেন দেখতে। এখন আর এই সংস্কৃতি ও ঐতিহ্যের চল নেই। পরে আমার স্ত্রী বললেন, “জনপ্রিয় এই শিল্প হারিয়ে যাচ্ছে। হয়তো একদিন একেবারেই হারিয়ে যাবে। তার আগেই এটি সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো উচিত।” আমি একমত হই। একই সঙ্গে এর সঙ্গে জড়িত মানুষদের সম্মান দিতেই সিনেমাটি বানানোর পরিকল্পনা করি।
সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত।
ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।
দলের প্রধান ভোলা মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এর পাশাপাশি অভিনয় করেছেন প্রাণ রায়, সূচনা সিকদার, আফফান মিতুল, আজিজুন মীম, আশরাফুল আশীষ, সানজিদা মিলা প্রমুখ।
অভিনেতা আফফান মিতুল বলছেন, সব সিনেমা দেশকে প্রতিনিধিত্ব করে না। কিছু সিনেমা শুধুই বিনোদন ও বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তৈরি হয়। আবার কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়।
‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতির গল্পকে আমরা দায়বদ্ধতার সঙ্গে তুলে ধরেছি। এটি আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।
নির্মাতা সবুজ খান আরো বলেন, বিলুপ্তপ্রায় এই সংস্কৃতিকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন।