বিএনপির অবস্থানে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় কেন্দ্র পরিচালকদের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “বিএনপি যদি সংস্কার প্রস্তাব গ্রহণ না করে, তাহলে তা হবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এতে নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং জনগণের আস্থা নষ্ট হবে।”

তিনি আরও বলেন, “যদি নির্বাচন ব্যাহত হয়, তাহলে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তারা সুযোগ নিতে পারে। বিএনপি যেন সেই পুরনো ভুল পথে না হাঁটে। এ দেশের মানুষ আর কোনো ধরনের স্বৈরাচারী রাজনীতিতে ফিরে যেতে চায় না।”

জামায়াত নেতা আরও মন্তব্য করেন, সরকার যদি তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসে এবং কোনো পক্ষের প্রতি আনুগত্য দেখায়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। জনগণ নতুন করে কোনো স্বৈরাচারী শাসন দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।