ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মুজিবুর রহমান

জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে

দেশকে ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সারা দেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার সকালে মিরপুর-১৩-এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, স্বাস্থ্য সচেতন হলে বা সুস্থ্য থাকলে ব্যক্তির জীবন যেমন আনন্দঘন হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে এবং জাতিকে সুখী-সমৃদ্ধ করতে আমাদের সচেতন হতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।

তিনি ঢাকা-১৫ আসনে আমিরে জামায়াতের প্রার্থীতার কথা উল্লেখ করে বলেন, এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবেন। আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ  হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত।

অধ্যাপক মুজিব বলেন, সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেরিয়ে আসতে হবে ভোটচুরি-ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ‘১০ হোন্ডা, ২০ টা গুণ্ডা; নির্বাচন ঠাণ্ডা’ এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেব; যাকে খুশী তাকে দেব’ সৃষ্টি  করতে হবে এমন পরিবেশের। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।