১৯৬৯ সালের চাঁদে অবতরণ ‘ঘটেনি’ কিম কার্দাশিয়ানের এমন মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি জানায়, ঐতিহাসিক অ্যাপোলো মিশন একটি বাস্তব ঘটনা এবং এর পক্ষে প্রচুর বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। খবর দ্য গার্ডিয়ান
দ্য কার্দাশিয়ানস অনুষ্ঠানের বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর পর্বে কিম দাবি করেন, মহাকাশচারী বাজ অলড্রিন নাকি ইঙ্গিত দিয়েছিলেন চন্দ্রাভিযানটি সাজানো ছিল।
এই পর্ব সম্প্রচারের কয়েক ঘণ্টা পর নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিমকে উদ্দেশ্য করে লেখেন, আমরা এর আগে ছয়বার চাঁদে গিয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আর্টেমিস মিশনের মাধ্যমে আবারও যাচ্ছি।
কিম পরে আলোচনার বিষয় ঘুরিয়ে আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু ৩আই/অ্যাটলাসের বিষয়ে জানতে চান। জবাবে ডাফি বলেন, এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় এবং কিমকে আর্টেমিস উৎক্ষেপণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
নাসা পরে এক বিবৃতিতে জানায়, চাঁদে অবতরণ ‘ভুয়া’ ছিল এমন সব ষড়যন্ত্র তত্ত্ব অনেক আগেই বৈজ্ঞানিকভাবে ব্যাখা করা হয়েছে। সংস্থার ভাষ্য, অ্যাপোলো মিশন থেকে আনা চাঁদের শিলার নমুনা ও অন্যান্য প্রমাণ বারবার যাচাই করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।