ঢাকার মগবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামসহ ১৩ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন।
জানা যায়, আটক মেজবাহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি। জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের প্রকাশ্যে ‘ছাড়বান্নানে’ বলে হুমকি দিয়ে ুভিডিওবার্তা দিয়েছিলেন তিনি।
এ ছাড়া ১৪ জুলাই রাতে রাজাকার-রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকিসহ ক্যাম্পাসে নারীদের উত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী মগবাজার এলাকায় মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় সিটিটিসি ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। প্রাথমিকভাবে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।